জে. কে. রোওলিং আমাদের সময়ের জনপ্রিয়তম গল্পকারদের একজন। ১৯৬৫ সালের ৩১ জুলাই ইংল্যান্ডের ব্রিস্টলে তার জন্ম। ছোটবেলা থেকেই গল্পের প্রতি তার ছিল প্রবল টান, আর সেই টান থেকেই একদিন জন্ম নেয় এক চশমা-পরা ছেলের গল্প, যে জানতই না সে একজন জাদুকর।
হ্যারি পটার সিরিজ প্রকাশের পর রোওলিং খুব দ্রুতই সারা পৃথিবীর পাঠকের কাছে পরিচিত হয়ে ওঠেন। হগওয়ার্টস, কুইডিচ, ডায়াগন অ্যালি, ডাম্বলডোর, ভলডেমর্ট, হ্যারি, রন আর হারমায়োনির জাদু-জগৎ শুধু শিশু-কিশোরদের নয়, বড়দের কল্পনাকেও নতুন করে নাড়া দেয়। সাত খণ্ডের এই সিরিজ বহু ভাষায় অনূদিত হয়েছে, কোটি কোটি কপি বিক্রি হয়েছে, আর বই থেকে সিনেমা, মঞ্চনাটক, ভিডিও গেম, থিম পার্ক ও নানা সৃজনশীল জগতে ছড়িয়ে পড়েছে।
রোওলিংয়ের সাফল্য তাকে বিশ্বের সবচেয়ে ধনী লেখকদের একজন করে তুলেছে। তার সম্পদের পরিমাণ আনুমানিক ৯৭৫ মিলিয়ন পাউন্ড। তবে এই বিপুল সাফল্যের বাইরেও তিনি লিখে চলেছেন বড়দের জন্য উপন্যাস, শিশুদের জন্য আলাদা গল্প, আর রবার্ট গ্যালব্রেইথ ছদ্মনামে জনপ্রিয় ‘করমোরান স্ট্রাইক’ ক্রাইম সিরিজ। লেখালেখির পাশাপাশি রোওলিং দাতব্য কাজের সঙ্গেও জড়িত। তার প্রতিষ্ঠিত সংস্থা ‘ল্যুমোস’ পৃথিবীর নানা প্রান্তে শিশুদের নিরাপদ ও মানবিক জীবনের অধিকার নিয়ে কাজ করে।
তবে সব পরিচয়ের আগে রোওলিং সেই লেখিকা, যিনি এক প্রজন্মের পাঠককে বিশ্বাস করিয়েছেন, গল্পের ভেতর দিয়েও পৃথিবীকে নতুন করে দেখা যায়; যিনি কিনা সাধারণ এক ছেলের গল্প দিয়ে সারা পৃথিবীর পাঠকদের জন্য খুলে দিয়েছেন এক অনন্ত জাদু-জগৎ।
Share Now